দোকান চালু করার নিয়ম
অ্যাকাউন্ট খোলার পরের ধাপ — দোকানের নাম দিয়ে খাতা চালু করা। শুধু নামটাই লাগে, বাকি সব ঐচ্ছিক। এই ধাপে ইন্টারনেট দরকার।
প্রথম দোকান তৈরি
অ্যাকাউন্ট খোলার পরপরই স্ক্রিনে আসে “আপনার ব্যবসার হিসাব শুরু করুন”। এখানে:
- “দোকান / ব্যবসার নাম *” ঘরে নাম লিখুন। ঘরের ভেতরে উদাহরণও দেওয়া থাকে — “যেমন: রহমান স্টোর”। নামটা ৫০ অক্ষরের মধ্যে রাখতে হবে।
- চাইলে “অতিরিক্ত তথ্য যোগ করুন (ঐচ্ছিক)”-এ চাপ দিয়ে আরও পাঁচটা ঘর খুলে নিতে পারেন — ট্যাগলাইন, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আর মালিক/সিগনেচার। এগুলোর একটাও বাধ্যতামূলক নয়, তবে এগুলো দিলে পরে PDF রিপোর্টের নিচে দোকানের ঠিকানা-ফোন ছাপা হয়।
- “শুরু করুন” চাপুন। কাজ চলার সময় বোতামে লেখা আসবে “তৈরি হচ্ছে...”।
আগের হিসাব থাকলে নতুন করে তৈরি হয় না
নতুন ফোনে বা অ্যাপ আবার নামানোর পর এই পর্দাটা এলে ভয় পাওয়ার কিছু নেই। নাম লিখে “শুরু করুন” চাপলে অ্যাপ আগে ক্লাউডে খোঁজ নেয় — আপনার অ্যাকাউন্টে আগে থেকেই দোকান থাকলে সেটাই ফিরিয়ে আনে, নতুন করে খালি দোকান বানায় না। তখন দেখাবে “আপনার আগের ব্যবসা ক্লাউড থেকে ফিরিয়ে আনা হয়েছে”।
একই নামে আপনার আরেকটা দোকান আগে থেকে থাকলে অ্যাপ জিজ্ঞেস করে — “একই দোকান দুবার তৈরি করলে দুই ফোনে আলাদা হিসাব দেখাবে। সেটিই খুলবেন?” এখানে “সেটিই খুলুন” বেছে নেওয়াই সাধারণত ঠিক কাজ। একই দোকানের দুটো খাতা হয়ে গেলে টাকার অঙ্ক দুই ভাগ হয়ে যায়, আর দুই ফোনে দুই রকম হিসাব দেখায়।
দোকানের নাম বা তথ্য পরে বদলানো
দুটো পথের যেকোনোটি ধরুন:
- হোম স্ক্রিনে উপরে দোকানের নামে চাপ দিন → সেই দোকানের পাশের মেনু → “ব্যবসা এডিট করুন”।
- অথবা সেটিংস → “প্রোফাইল এডিট”।
খুলবে “ব্যবসা সম্পাদনা” ঘর, যেখানে নামসহ সেই একই ঘরগুলো আছে। বদলে “আপডেট করা হয়েছে” দেখলেই কাজ শেষ।
অ্যাপ লক চালু থাকলে এখানে ঢোকার আগে ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পিন চাইবে — “প্রোফাইল সম্পাদনা করতে ভেরিফাই করুন”।
এই ঘরে আরও দুটো সারি দেখবেন — “দোকানের লোগো (PDF)” আর “কাস্টম PDF ফুটার”। এ দুটো প্রো-র সুবিধা; ফ্রি অ্যাকাউন্টে চাপ দিলে প্রো নেওয়ার পাতা খুলবে। এগুলো দিলে PDF রিপোর্টের নিচে টংখাতার নামের বদলে আপনার নিজের লেখা বসে। বিস্তারিত PDF রিপোর্টের পাতায়।
একাধিক দোকান
একই অ্যাকাউন্টে একাধিক ব্যবসা রাখা যায়, আর প্রত্যেকটার কাস্টমার, লেনদেন ও ক্যাশবক্স সম্পূর্ণ আলাদা থাকে।
হোম স্ক্রিনে দোকানের নামটায় চাপ দিলে তালিকা খোলে, উপরে লেখা থাকে “ব্যবসা সমূহ” আর পাশে কয়টা আছে/কয়টা রাখা যাবে। প্রতিটি কার্ডে সেই দোকানের কাস্টমার-সাপ্লায়ার সংখ্যা আর মোট পাবো দেখায়, আর যেটা এখন চালু আছে তার গায়ে “প্রাইমারি” লেখা থাকে।
- অন্য দোকানে যেতে — শুধু তার কার্ডে চাপ দিন। সাথে সাথে বদলে যাবে আর দেখাবে “{নাম} এ স্যুইচ করা হয়েছে”। এর জন্য ইন্টারনেট লাগে না।
- নতুন দোকান বানাতে — “নতুন ব্যবসা” চাপুন, একই রকম ঘর আসবে, শেষে “তৈরি করুন”।
ফ্রি অ্যাকাউন্টে এখন ২টি দোকান রাখা যায়। সীমা পেরোলে “নতুন ব্যবসা” বোতামটা অচল হয়ে যায় না — তার গায়ে একটা তালা দেখায়, আর চাপ দিলে প্রো নেওয়ার পাতা খোলে। প্রো-তে দোকানের সংখ্যায় কোনো সীমা নেই।
নতুন ফোনে একাধিক দোকান থাকলে
আপনার অ্যাকাউন্টে একাধিক দোকান থাকলে নতুন ফোনে প্রথমবার ঢোকার সময় অ্যাপ জিজ্ঞেস করে “কোন দোকান খুলবেন?”। প্রতিটি নামের নিচে কাস্টমার সংখ্যা, শেষ লেনদেনের তারিখ আর তৈরির তারিখ দেখায় — একই রকম নামের দুটো দোকান আলাদা করতে এটা কাজে লাগে। একবার বেছে নিলে পরে যেকোনো সময় উপরের নামে চাপ দিয়ে অন্যটায় যাওয়া যায়।
দোকান মুছে ফেলা
দোকানের তালিকা থেকে সেই দোকানের মেনু → “ব্যবসা ডিলিট করুন”। কয়েকটা কথা আগে জেনে নিন:
- দোকানের সব কাস্টমার, লেনদেন আর ঋণ একসাথে মুছে যায় — ক্লাউড থেকেও, আপনার সব ফোন থেকেও। এটা ফেরানো যায় না।
- এই কাজে ইন্টারনেট লাগবেই।
- শেষ দোকানটি মুছে ফেলা যায় না — বার্তা আসবে “শেষ ব্যবসা মুছে ফেলা যাবে না”।
- ওই দোকানের সাথে যে কাস্টমাররা কোড দিয়ে যুক্ত ছিলেন, তাঁদের তালিকা থেকেও দোকানটি সরে যায়।
পুরো অ্যাকাউন্ট মুছে ফেলা আর একটা দোকান মুছে ফেলা এক জিনিস নয় — অ্যাকাউন্টের ব্যাপারটা এই পাতায় আলাদা করে লেখা আছে।
এরপর কী
দোকান তৈরি হয়ে গেলে প্রথম কাজ কাউকে খাতায় তোলা — কাস্টমার ও পাইকার যোগ করার নিয়ম দেখুন।
এই বিষয়ে আরও প্রশ্ন
ফ্রিতে কয়টা দোকান রাখা যায়?
এখন ফ্রি অ্যাকাউন্টে ২টি দোকান রাখা যায়। সীমা পেরোলে “নতুন ব্যবসা” বোতামে তালা দেখায় এবং চাপ দিলে প্রো নেওয়ার পাতা খোলে। প্রো-তে সংখ্যার কোনো সীমা নেই।
দোকান তৈরি করতে ইন্টারনেট লাগে?
হ্যাঁ, এই একটি কাজে নেট লাগবেই। ক্লাউডে না পৌঁছালে অ্যাপ ফোনেও দোকানটা রাখে না, যাতে অর্ধেক তৈরি হওয়া দোকান নিয়ে ঝামেলা না হয়।
দোকানের নাম পরে বদলানো যাবে?
যাবে। হোমে দোকানের নামে চাপ দিয়ে মেনু থেকে “ব্যবসা এডিট করুন”, অথবা সেটিংস → “প্রোফাইল এডিট”। পুরোনো হিসাবে কোনো প্রভাব পড়ে না।
দুটো দোকানের হিসাব কি মিলে যাবে?
না। প্রতিটি দোকানের কাস্টমার, লেনদেন আর ক্যাশবক্স আলাদা। হোমে উপরের নামে চাপ দিয়ে এক দোকান থেকে আরেকটায় যাওয়া যায়।
একই নামে দুটো দোকান বানিয়ে ফেললে কী হয়?
অ্যাপ আগেই সতর্ক করে — একই দোকান দুবার বানালে দুই ফোনে আলাদা হিসাব দেখাবে। তখন “সেটিই খুলুন” বেছে নিয়ে পুরোনোটিতেই কাজ চালিয়ে যাওয়া ভালো।
আরও পড়ুন
- অ্যাকাউন্ট খোলার নিয়মটংখাতায় ইমেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা, ইমেইলে আসা কোড বসানো, কোড না এলে কী করবেন আর দ্বিতীয় ফোনে লগইন — প
- কাস্টমার ও পাইকার যোগ করার নিয়মটংখাতায় নতুন কাস্টমার বা পাইকার যোগ করা, একই নম্বর আগে থাকলে কী হয়, একজনের একাধিক ফোন নম্বর রাখা আর পরে খুঁজ
- বাংলা PDF রিপোর্ট তৈরির নিয়মটংখাতায় দিনের হিসাব, মাসিক রিপোর্ট, খাতা রিপোর্ট আর কাস্টমারের স্টেটমেন্ট PDF করার নিয়ম, শেয়ার ও প্রিন্ট, আ
- সাধারণ প্রশ্ন ও উত্তরটংখাতা নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর — অ্যাপটি কী, কীভাবে ব্যবহার করবেন, তথ্য কতটা নিরাপদ আর স
টংখাতা দিয়ে শুরু করুন
দোকানের বাকি-নগদ হিসাব, ক্যাশবক্স আর বাংলা রিপোর্ট — অ্যান্ড্রয়েড ফোনেই।